করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে ৩০০ পেরিয়ে গিয়েছে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে ৩০০ পেরিয়ে গিয়েছে। প্রত্যেকটি রাজ্যেই হু হু করে বাড়ছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে গোটা রাজ্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার।
আজ সন্ধ্যায় শনিবার এক জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেইলট লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি জানান, সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সে রাজ্যের সমস্ত মল, দোকান, ফ্যাক্টরিগুলোকে। এমনকি সমস্ত সরকারি এবং বেসরকারি পরিবহণও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত সমস্ত কিছু বন্ধ রাখার জন্যেই বলা হয়েছে। গোটা রাজ্য লকডাউন হলেও কিছু জরুরি পরিষেবাকে বাদ রাখা হয়েছে এর আওতা থেকে। এই মুহূর্তে রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১। পরিস্থিতি কার্যত ভয়ঙ্করের দিকে যাচ্ছে। আর সেই কারণেই এই নির্দেশিকা।
অন্যদিকে, গুজরাটও সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার বাইরে কোনও কিছুই খোলা রাখা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দুই রাজ্যের পাশাপাশি ওড়িশার বেশ কয়েকটি জেলাতে লকডাউন করে দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে।
এদিকে ভারত রোববার দেশ জুড়ে জারি হবে জনতা কার্ফু।
দেশের মধ্যে মোট ২৩ টি রাজ্যে ছড়িয়েছে করোনাভাইরাস। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩, ছত্তিশগড়ে ১, দিল্লিতে ২৬, গুজরাটে ১৩, হরিয়ানায় ২০, হিমাচলপ্রদেশে ২, কর্ণাটকে ২০, কেরলে ৫২, মধ্যপ্রদেশে ৪, মহারাষ্ট্রে ৬৩, ওড়িশায় ২, পুদিচ্চেরিতে ১, পঞ্জাবে ১৩, রাজস্থানে ২৪, তামিলনাড়ুতে ৬, তেলেঙ্গানাতে ২১, চন্ডীগড়ে ৫, জম্মুকাশ্মীরে ৪, লাদাখে ১৩, উত্তরপ্রদেশে ২৫, উত্তরাখণ্ডে ৪ এবং পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪ জন।
৩২৫ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়েছেন এমন আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ২৮ জন।♦








