Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাস যুক্তরাষ্ট্র ও ইরানে দ্রুত ছড়িয়ে পড়ছে

করোনাভাইরাস যুক্তরাষ্ট্র ও ইরানে দ্রুত ছড়িয়ে পড়ছে

করোনাভাইরাস যুক্তরাষ্ট্র ও ইরানে দ্রুত ছড়িয়ে পড়ছে

করোনাভাইরাস যুক্তরাষ্ট্র ও ইরানে দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫ হাজার এবং ইরানে ৯৬৬ ছাড়িয়ে গেছে।
 
এছাড়া ২৪ ঘণ্টায় ইউরোপের দেশগুলোতে ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
 
সারা বিশ্বে ভাইরাসটিতে ২ লাখ ৮৬ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১১ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে।
 
২৪ ঘণ্টায় ইরানে ১২৩ জন এবং যুক্তরাষ্ট্রে ৩০ জন এবং স্পেনে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের গড় বয়স ৭৮ বছর।
 
তবে ভাইরাসটি থেকে তরুণরাও রেহাই পাবেন না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সব বয়সীদেরই সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
 
১৮৬টি দেশ ও অঞ্চল করোনায় আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী- বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ১১ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৯৫৪। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৯৩ হাজার ৬১১ জন।
 
২৪ ঘণ্টায় ইরানে ৯৬৬ জন আক্রান্ত: ইরানে আক্রান্তের সংখ্যা ৯৬৬ থেকে বেড়ে ২০ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। ১ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, শনিবার ১২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, করোনার সঙ্গে লড়াইয়ে ইরানে ভ্রমণ নিষেধাজ্ঞা ২ থেকে ২ সপ্তাহ থাকবে। এ সময়ের মধ্যে সংকট অনেকটা কেটে যাবে বলেও তিনি আশা করেন।
 
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ৫ হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭৩৮ জনে। এদিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কার্যালয়ের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এক মুখপাত্র জানান, ওই কর্মী অসুস্থ বোধ করায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার করোনার টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।
 
এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ ঘোষণা দেন। ফার্মেসি, সুপারশপ বা দৈনন্দিন জীবনযাপনে অপরিহার্য এমন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের বড় অংকের জরিমানা গুনতে হবে। করোনার বিস্তার রোধে একই ব্যবস্থা নিয়েছে ক্যালিফোরনিয়াও।
 
করোনা মোকাবেলায় ২ মাসের জন্য সব ধরনের জনসমাগম বা অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ইতোমধ্যে বেশ কিছু রাজ্য ক্যাফে, বার ও রেস্তোরাঁয় জনসমাগম সীমিত করা হয়েছে। এছাড়া, ৩২টি রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
অল্প বয়সীরাও রেহাই পাচ্ছেন না: বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৩৬ জন মানুষের। মৃতদের বেশিরভাগই বয়স্ক হওয়ায় বহু দেশের তরুণরা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ মেনে চলছেন না বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস অল্প বয়সীদের সতর্ক করে দিয়েছেন।
 
শুক্রবার জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতর থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদিও বয়সী মানুষদের মৃত্যু বেশি হচ্ছে, তবুও তরুণদের প্রতি আমি বলব, আপনারাও ঝুঁকি মুক্ত নন। ভাইরাসটি আপনাকেও হাসপাতালে পাঠাতে পারে, আপনাকে দুর্বল করে তুলতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। এমনকি আক্রান্ত হয়ে কোনো তরুণ অসুস্থ না হলেও তার বিচরণে ঝুঁকিতে থাকা কারও আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এজন্য তরুণদের অবাধে ঘোরাফেরা এবং প্রবীণদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার উহান শহরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ার খবরের দিকে ইঙ্গিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এ থেকে বাকি বিশ্বের জন্য আশাবাদী হওয়া যাচ্ছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিও পাল্টে দেওয়া সম্ভব। গবেষণায় দেখা গেছে, সব বয়সী মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য করোনা বেশি বিপজ্জনক। ইটালিতে মারা যাওয়া মানুষদের গড় বয়স ৭৮ দশমিক ৫ বছর।
 
ইউরোপে একদিনে ১৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত: ইউরোপীয় দেশগুলোতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৫০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইউরোপের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪ হাজার ৫৯১ জন। মারা গেছেন ৪ হাজার ৫৬৬ জন।
 
ইটালিতে মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ: করোনায় ইতালিতে ৪৭ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪ হাজার ৩২ জন। তবে দেশটিতে করোনায় মৃতের শতকরা ৭০ ভাগই পুরুষ বলে জানিয়েছেন গবেষকরা। শুধু ইতালিতে নয়, চীনেও নারীর তুলনায় পুরুষ বেশি মারা গেছে। করোনাভাইরাসে ৩ হাজার ৪০০ জন মৃত ব্যক্তির পরিচয় ঘেঁটে গবেষকরা জানতে পারেন, এর মধ্যে মাত্র এক হাজারের কম নারীর মৃত্যু হয়েছে।
 
তবে করোনায় প্রায় সমানসংখ্যক আক্রান্ত হয়েও নারীদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার কেন বেশি, এ বিষয়ে বৈজ্ঞানিক কোনও ব্যাখ্যা দিতে পারেন নি গবেষকরা। তবে নারীদের কম মারা যাওয়ার বিষয়ে কিছু গবেষক বলছেন, নারীদের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী। এদিকে পুরুষদের মৃত্যুর হার বেশি হওয়ার কারণ হিসেবে ধূমপান, মদপানকে চীনের গবেষকরা দায়ী করেছেন।
 
জর্ডানে অনির্দিষ্টকালের কার্ফিউ: করোনার বিস্তার রোধে ২৪ ঘণ্টা কার্ফিউ জারি করেছে জর্ডান। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। এ সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না।
 
শুক্রবার এক বিবৃতিতে জর্ডান সরকারের মুখপাত্র আমজাদ আদাইলেহ জানান, গত সপ্তাহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে কারফিউ জারি করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পরপরই রাজধানী আম্মান অবরুদ্ধ করে দেয় দেশটির সেনাবাহিনী। প্রায় এক কোটি মানুষের আবাসস্থল প্রদেশটিতে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জর্ডানে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জন।
 
সিঙ্গাপুরে প্রথম মৃত্যু: সিঙ্গাপুরে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির ৭৫ বছর বয়সী এক নারী এবং ইন্দোনেশিয়ার ৬৪ বছর বয়সী এক নাগরিক মারা যান। ওই নারী আগে থেকে হৃদরোগ ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৩ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ২৬ দিন আইসিইউতে থাকার পর তার মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার নাগরিক ১৩ মার্চ থেকে আইসিইউতে ছিলেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।
 
করোনাভাইরাসে আরব আমিরাতে দু’জনের মৃত্যু: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার দু জন মারা গেছেন। এছাড়া আবুধাবিতে এ পর্যন্ত ১৪০ জনের শরীরে করোনাভাইরাস ভাইরাস সংক্রমিত হয়েছে। যাদের মধ্যে ৩১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কিন্তু সেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটে নি।
 
আমিরাত সংবাদ সংস্থা জানায়, নোভেল করোনাভাইরাসে প্রথমবারের মতো দু জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয়। মারা যাওয়া দু’জনের একজন ৭৮ বছর বয়সী। তিনি ইউরোপ থেকে এসেছেন। সরকার জানায়, হৃদরোগে ওই আরব ব্যক্তির মৃত্যু হয়েছে। সঙ্গে করোনাভাইরাস সংশ্লিষ্ট জটিলতাও ছিল। আরেকজনের মৃত্যু হয়েছে হৃদরোগ ও কিডনি জটিলতায়। তার বয়স ৫৮ বছর। তিনি এশিয়ার কোনও একটি দেশের নাগরিক। উপসাগরীয় দেশগুলোয় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
 
মালয়েশিয়ায় ৮ জনের মৃত্যু: করোনায় মালয়েশিয়ায় নতুন করে ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ জনে। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।
 
হাইতিতে প্রথম শনাক্ত: হাইতিতে দু জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রেসিডেন্ট জোভেনাল মোইজ বলেন, ‘আমাদের দেশে প্রথম দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্যারিবিয় অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও ঘনবসতিপূর্ণ দেশ হাইতিতে এ ভয়াবহ ভাইরাস আক্রান্ত হওয়ায় সরকার সেখানে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এছাড়া কোনও স্থানে ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
 
ভারতে কণ্ঠশিল্পীর বিরুদ্ধে মামলা: বিদেশ ফেরতদের নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অবজ্ঞা করায় বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিকা কাপুরের বিরুদ্ধে মামলা করেছে লখনৌ পুলিশ। ১০ দিন আগে লন্ডন থেকে ফেরা কনিকার দেহে শুক্রবার করোনা ধরা পড়ে। দেশে ফেরার পর তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না মেনে কনিকা উল্টো বেশ কয়েকটি পার্টি ও অনুষ্ঠানে যান। সেসব পার্টি ও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আমলা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৩৫০ থেকে ৪০০ মানুষ ছিল।
 
‘বেবি ডল’ গানে কণ্ঠ দেওয়ায় সুপরিচিত কনিকা বলেন, যুক্তরাজ্য থেকে ফেরার পর লখনৌ বিমানবন্দরে করোনার স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সেসময় সবকিছু স্বাভাবিক ছিল। দেহে ভাইরাসের উপসর্গগুলো মাত্র চারদিন আগে ধরা পড়েছে বলে তিনি দাবি করেন। কনিকা এখন লখনৌর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
কনিকার করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার পরপরই পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। করোনার সঙ্গে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, তার ছেলে দুশবন্ত সিং এবং উত্তরপ্রদেশ সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা রাজে জানান, কনিকার করোনাভাইরাস শনাক্তের খবর পাওয়ার পরপরই তিনি এবং তার ছেলে স্বেচ্ছায় নিজেদের কোয়ারেন্টিন করেছেন।
 
এদিকে শনিবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারতের মেঘালয় রাজ্য শাটডাউন করা হয়েছে। এ সময় ‘করোনাভাইরাস সচেনতা দিবস’ পালনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ভারতে এখন পর্যন্ত আড়াই শ’র বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে; মারা গেছে ৪ জন।
 
বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবে ‘আলিবাবা’: বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়ে জ্যাক মা জানিয়েছেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর ও থার্মোমিটারও দেওয়া হবে।
 
বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা। অনলাইনভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান চীনভিত্তিক ‘আলিবাবা।’
 
রাশিয়ায় ৬ ওষুধ আবিষ্কার, চলছে পরীক্ষা: রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন হিসেবে ৬টি ওষুধ আবিষ্কার করেছেন রাশিয়ার চিকিৎসক ও গবেষকরা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছেন। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। করোনা নিরাময়ে ভ্যাকসিনটি কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। করোনায় রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে।
 
বিবিসি, রয়টার্স, এনডিটিভি, আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, এপি, সিএনএন, গার্ডিয়ান, আলজাজিরা এবং ওয়ার্ল্ড ও মিটার
Share With:
Rate This Article