সৌদি আরবের বাদশা ২১ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছেন
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আজ সোমবার থেকে সৌদি আরবে ২১ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ।
আরব নিউজ জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসাবাড়ির বাইরে বের হওয়া যাবে না।
রবিবার সৌদি আরবে নতুন করে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১১ জনে দাঁড়িয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরপরই এক বিবৃতিতে দেশব্যাপী কারফিউ আরোপের ঘোষণা দেওয়া হয়।
এতে কারফিউর সময়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাসাবাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে ১৮৮টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
গতকাল রবিবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ১৪ হাজার ৭৭৮ জন। এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজার ৪২৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৬৮ জন।♦








