বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল সরকারি অফিস ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।
প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেলেন। এছাড়া আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।
উল্লেখ্য, বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ সরকারি হিসাবে, দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩ জন।♦








