দিল্লি পুলিশ কমিশনার বদল, নিহতের সংখ্যা বেড়ে ৩৯
দিল্লির সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯-এ দাঁড়িয়েছে। এখনও থমথমে মৌজপুর বাবরপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকা। শুক্রবারের নমাজের আগে নিরাপত্তার লক্ষ্যে গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে, শুক্রবার দিল্লির নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করেছে ভারত সরকার। আগামীকাল অবসর নিচ্ছেন পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) এস এন শ্রীবাস্তব।
উল্লেখ্য, অমূল্য পট্টনায়েকের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যায়। বিরোধীদের প্রশ্ন, কেন তাকে কমিশনার পদে এতদিন রাখা হয়েছে। কেন কারফিউ প্রথম দিন থেকেই জারি করা হয়নি। শ্যুট অ্যান্ড সাইটের এতদিন দেওয়া হয় নি কেন? পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্টও।
এদিকে, দোকানবাজার অল্প সময় খোলা রাখার জন্য কোথাও কোথাও কারফিউ শিথিল করা হচ্ছে কয়েক ঘণ্টার জন্য। তার পর ফের জারি হচ্ছে কারফিউ। গত রবিবারের ঘটনার পরেই অ্যালার্ট জারি হয়েছিল গুরুগ্রামে। এদিন নামাজের প্রাক্কালে সেই অ্যালার্ট আরও কঠোর করা হলো, নিরাপত্তার কথা ভেবে।
আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে এরই মাঝে দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় শান্তি আলোচনা শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব আলোচনা চলবে। এরই মাঝে প্রায় ৩০০ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেস ও আবাসিক কল্যাণ সমিতির গণ্যমাণ্যদের নিয়ে এসব বৈঠক আয়োজন করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে হিংসার ঘটনায় কারা কারা জড়িত, কারা অর্থ জোগাচ্ছে, তা খুঁজে বের করার জন্য দিল্লি হাইকোর্ট এ দিন কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে। দিল্লির হিংসার ঘটনার তদন্ত শুরু ও তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সব তথ্য প্রয়োজন। আগামী ৩০ এপ্রিল, পরবর্তী শুনানির দিন কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে এ ব্যাপারে জানাতে বলেছে হাইকোর্ট।
দিল্লির এ সহিংসতার ঘটনায় ‘যথাযথ কারণে’ এখন পর্যন্ত ৪৮টি মামলা নথিভুক্ত হয়েছে। সহিংসতার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ৫১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দাঙ্গায় গুরুতর অপরাধ তদন্তে দুটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দাঙ্গা মোকাবিলায় ২৪ ফেব্রুয়ারি থেকে উত্তর-পুর্ব দিল্লিতে ৭ হাজারের মতো কেন্দ্রীয় প্যারামিলিটারি মোতায়েন করা হয়েছে বলেও জানায় তারা। ♦








