চীনে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত
চীনের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে বিদেশ থেকে আসা এক ভ্রমণকারী এ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। চংকিং স্বাস্থ্য কমিশনের বরাত খবরটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সেখানে বলা হয়, কভিড-১৯ নীতির কারণে কোয়ারেন্টিনে থাকাকালে ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা যায়। এরপর চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরীক্ষা করে মাঙ্কিপক্সের বিষয়টি নিশ্চিত হয়।
বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চংকিংয়ে কঠোর কভিড নীতির কারণে ওই ব্যক্তি কোনো কার্যকলাপে যুক্ত ছিলেন না।
গত সপ্তাহে হংকং প্রথমবার মাঙ্কিপক্স শনাক্তের ঘোষণা দেয়। আক্রান্ত ৩০ বছর বয়সী ওই ব্যক্তি ফিলিপাইন থেকে এসেছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণ করে রাখা।
প্রথম মাঙ্কিপক্স শনাক্তের খবরটি চীনা সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের মাঝে চর্চার বিষয় হয়ে উঠে। ওয়েইবোতে এক ঘন্টারও কম সময়ে এ সম্পর্কিত হ্যাশট্যাগ ১২ কোটিবার বেশিবার দেখা গেছে।
২০১৯ সালে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয়। এর কয়েক মাস পর ভাইরাসটি মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে কঠোর নীতি-নিষেধ আরোপ করে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বের বেশির ভাগ জায়গায় নিষেধাজ্ঞা উঠে গেলেও বেইজিং এখনো ‘জিরো কভিড’ নীতি বহাল রেখেছে।








