করোনাভাইরাস মোকাবিলায় সার্ক দেশগুলোর ভিডিও কনফারেন্স আজ
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতিতে মোকাবিলায় দক্ষিণ এশিয়ার জন্য উপযুক্ত কর্মকৌশল ঠিক করতে আজ রবিবার বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত দেশগুলোর নেতারা।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভিডিও কনফারেন্স হবে রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।
এই ভিডিও কনফারেন্স হচ্ছে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে। গেল শুক্রবার এক টুইটার বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
একমাত্র পাকিস্তান ছাড়া সার্কভুক্ত অন্য সব দেশের নেতারা শুক্রবারই মোদীর আহ্বানে সাড়া দেন। গতকাল শনিবার পাকিস্তানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী ইমরান খান নয়, পাকিস্তানের পক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে অন্তত ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে। ♦








