দাবদাহেরও নাম রাখলেন বিজ্ঞানীরা
প্রথমবারের মতো কোনো দাবদাহকে নাম দিয়েছেন বিজ্ঞানীরা। স্পেনের সেভিলে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বয়ে যাওয়া ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রার দাবদাহকে স্পেনের বিজ্ঞানীরা এখন ডাকছেন ‘জো’ নামে। এ পর্যন্ত কেবল বড় ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়েরই নাম দেওয়া হতো।
সেভিলা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হোর্হে মারিয়া মারটিন ওলাল্লা এ প্রসঙ্গে বলেছেন, নাম দেওয়ার মাধ্যমে আসলে জনসাধারণকে প্রচণ্ড তাপমাত্রার ব্যাপারে সতর্ক করতে চাইছেন বিজ্ঞানীরা।
ঘূর্ণিঝড়কে বহু আগে থেকেই নাম দিয়েছে মানুষ। এমনকি ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়কেও অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। তবে দাবদাহকে নাম দেওয়ার ঘটনা এবারই প্রথম।
নাম দেওয়ার বিষয়টি প্রোমিটিও সেভিলা প্রজেক্টের একটি অংশ বলে জানা গেছে। এই প্রকল্পটি আদ্রিয়েনে আর্শত-রকেফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার অব দ্য আটলান্টিক কাউন্সিলের একটি উদ্যোগ। প্রকল্পের প্রাথমিক অবস্থান হিসেবে সেভিলকে বেছে নেওয়া হয়েছে।
প্রচণ্ড দাবদাহ সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং এটি নিরসনে কী করা যায়, তা তুলে ধরাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
‘জো’ কোনো দাবদাহের প্রথম নাম হলেও সম্ভবত এটিই শেষ নয়। ভবিষ্যৎ দাবদাহের জন্য ইংরেজি বর্ণমালার শেষ থেকে শুরু হবে এমন বিকল্প নারী ও পুরুষ নাম ঠিক করে রেখেছেন বিজ্ঞানীরা। নামকরণের ফলে মানুষ দাবদাহকে বাড়তি গুরুত্ব সহকারে নেবে বলেই আশা প্রোমিটিও সেভিলার উদ্যোক্তাদের।
স্পেস ডটকম, ইউএসএ টুডে।








