করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব সৃষ্টির অভিযোগে প্রকৌশলী গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব সৃষ্টির অভিযোগে এবিএম রেজা নামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই যুবকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত এবিএম রেজা উপ-সহকারী প্রকৌশলী হিসাবে সাতকানিয়া পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, শুক্রবার প্রকৌশলী এবিএম রেজা তার ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোষ্ট দেন।
বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসন ঘটনাটির ব্যাপারে চট্রগ্রামে নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগীর অস্তিত্ব পায় নি।
পরে ওই প্রকৌশলীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোষ্ট দিয়েছিলেন।
করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব সৃষ্টির অভিযোগে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। অবশ্য গত কয়েকদিন ধরেই করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে সরকারি বিভিন্ন দফতর থেকে নির্দেশ দেওয়া হচ্ছিল।
ঘটনা প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেপ্তারকৃত প্রকৌশলীর বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ♦








