বিশ্বের ৭০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক প্রতিবেদনে দাবি করেছে, সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ওই প্রতিবেদনে আরও বলেছে, গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৪ হাজার ৭শ’ মানুষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সে প্রতিবেদনে আরও বলেছে, মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। আর আক্রান্তদের শরীরে জ্বর এবং সর্দির উপসর্গ পাওয়া গেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ♦








