আবারও বৃটেনের জাতীয় নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক
বৃটেনের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক। তিনি রাজধানী লন্ডনের একটি আসন থেকে আবারও জয় পেয়েছেন। এ নিয়ে টানা তিনবার তিনি বৃটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন। তিনি লন্ডনের ইলিং সেন্ট্রাল আসন থেকে বিরোধী দল লেবার পার্টির পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলেন। শুক্রবার প্রকাশিত নির্বাচনী ফলে দেখা যায়, রূপা হক ২৮ হাজার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের জুলিয়ান গ্যালেন্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।
১৯৭০ সালে তার পিতা মোহাম্মদ হক ও মা রওশন আরা হক বৃটেনে পাড়ি জমান। তাদের তিন মেয়ের মধ্যে সবার বড় রূপা হক। মোহাম্মদ হকের বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। রূপার ছোটবোন কোনি হক (কনক আশা হক) বৃটেনের খ্যাতিমান টেলিভিশন উপস্থাপক ও লেখক। রূপা হকের বয়স ৪৭ বছর। তিনি রাজনীতিতে আসার আগে লন্ডনে অবস্থিত কিংসটন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন। সেখান সর্বশেষ জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে হয়েছিলেন।
রূপা হকের আরেক পরিচয় লেখক। কলামিস্ট হিসেবে নিয়মিত পত্রিকায় কলাম লেখেন। নিজ নির্বাচনী এলাকার ভেতরে ও বাইরে রূপা হক খুব জনপ্রিয়। ব্যক্তি জীবনযাপন খুবই খুবই সাধারণ। চলাফেরা ও আচরণেও বিনয়ী। সেজন্যেও তিনি বেশ জনপ্রিয়। জাতীয় ইস্যু ও লেবার পার্টির অভ্যন্তরের রাজনীতিতে বরাবরই তাকে সরাসরি পদক্ষেপ নিতে দেখা গেছে । সংসদে নানা ইস্যুতে তীক্ষ্ণ আলোচনায় নিজেকে কেন্দ্রে নিয়ে এসেছেন রূপা। ২০১৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের বোরকা নিয়ে করা তীর্যক মন্তব্যের জন্য নিজের কলামে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।








