দ্রব্যমূল্য বেশি রাখায় ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ী আড়তে দ্রব্যমূল্য বেশি রাখায় ৩১টি আড়ত এবং একটি হিমাগারকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার র্যাব-১০-এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তিনদিন আগেও প্রতি কেজি পেয়াঁজ পাইকারি বিক্রি হয়েছে ২৮-৩১ টাকা। সেটা কোনও কারণ ছাড়াই গতকাল বিক্রি করেছে ৬৫-৭০ টাকা। আর খুচরা বাজারে ৮০-৮৫ টাকা।
১২-১৪ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হতো আলু, সেটা করে ফেলল ২৫-৩০ টাকা। আজ (শনিবার) সকালে যখন যাত্রাবাড়ী আড়তে ক্রেতা সেজে ইউনির্ফম ছাড়া ফোর্স নিয়ে প্রবেশ করলাম তখনও দেখলাম গতকালের চিত্র।
কিন্তু যখনই বুঝল মোবাইল কোর্ট আসছে তখনই পেয়াঁজ হলো ৩৫-৪০ টাকা আর আলু হলো ১৪-১৬ টাকা কেজি।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও আলু বিক্রয় করায় যাত্রাবাড়ীর ৩১টি আড়তকে এবং আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ মাছ মজুদ করায় একটি হিমাগারকে মোট ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ♦








