বাংলাদেশে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে জরুরি অবস্থা জারির আবেদন
বাংলাদেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
উল্লেখ্য গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনজন।
দেশে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের কেউ প্রবাসফেরত, আবার কেউ ওই প্রবাসফেরতদের সংস্পর্শে থাকা স্বজন বলে জানাচ্ছে আইইডিসিআর। ♦








