যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে সংবাদমাধ্যমটির নিউইয়র্ক অফিস সাময়িক বন্ধ ঘোষণা হয়েছে।
এবিসি নিউজ জানিয়েছে, সিবিএস নিউজের নিউইয়র্ক সদর দফতরের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ খবরের পর প্রতিষ্ঠানটি বুধবার তাদের অফিস পরিষ্কার করে ভাইরাসমুক্ত করার জন্য বন্ধ ঘোষণা করেছে।
এ দুই সাংবাদিক কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, সে বিষয় নিশ্চিত কোনও তথ্য দিতে পারে নি সিবিএস।
জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনে সিবিএস নিউজের দুটি অফিস রয়েছে। আক্রান্ত দুই সাংবাদিক পৃথক পৃথক দুই অফিসে কাজ করতেন।
তাই দুটি অফিসই আপাতত বন্ধ রেখে জীবাণু মুক্তকরণ চলছে।
তবে অফিস বন্ধ থাকলেও কাজ চলবে বলে জানিয়ে সিবিএস নিউজ কর্তৃপক্ষ।
তারা জানিয়েছেন, আগামী দুদিন প্রতিষ্ঠানটির সব কর্মী অন্য কোথাও থেকে কাজ করবেন এবং সংবাদ পরিবেশন করবেন।
সদর দফতর পুরোপুরি ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত তারা কোনও ঝুঁকি নিতে চান না।
সেকারণে সিবিএস নিউজ প্রেসিডেন্ট সুজান জিরিনস্কি নির্দেশনা দিয়েছেন, আক্রান্ত দুই কর্মীর সংস্পর্শে আসা অন্য সব কর্মীর দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে সিবিএস নিউজের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সতর্কতামূলক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদমাধ্যম।
কর্মীদের অফিসে না এসে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন। ♦








