নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল লোকোমোটিভ সরবরাহের আশ্বাস
গতকাল রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশ রেলওয়ের জন্যে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল লোকোমোটিভের আমন্ত্রণে রেলপথ মন্ত্রী ও ৪ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র গেছেন। এ সময় মন্ত্রী ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
রেলপথ মন্ত্রী এক আলোচনায় জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল ৪০টি উন্নত প্রযুক্তির লোকোমোটিভ নির্ধারিত সময়ের আগেই সরবরাহ করার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে এলএনজি ও ডিজেল চালিত লোকোমোটিভও বাংলাদেশ রেলওয়ে ব্যবহার করবে। সেখানে তিনি লোকোমোটিভগুলোর প্রস্তুতি দেখেন। ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে সরবরাহের কথা নির্ধারিত থাকলেও সময়ের আগেই সরবরাহের চেষ্টা করার বিষয়ে তিনি আলোচনা করেন।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তার সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে।
মন্ত্রী আরও বলেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরও বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে কনস্যুলেটের কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এসময় কনসাল জেনারেল নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ’ পালনের জন্য গৃহীত ব্যাপক কর্মসূচী সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন।
তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের মাঝে সঞ্চারিত করার প্রয়াস অব্যাহত থাকবে। মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রী গত ১৩ জানুয়ারী রেলমন্ত্রী ও প্রতিনিধি দলটি লোকোমোটিভ তৈরির কারখানাসহ সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্র গেছেন।
বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কেনা হচ্ছে। এ বিষয়ে গত বছরের ১৪ জানুয়ারি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী প্রতিটি লোকোমোটিভের মূল্য পড়ছে ২৮ কোটি ৩৯ লাখ লাখ টাকা। এডিবির অর্থায়নে লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ থাকবে এই লোকোমোটিভগুলো।
পরিদর্শন শেষে আগামী ২১ জানুয়ারি তাদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি








