সড়ক দুর্ঘটনায় আহত জেলেনস্কি
রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।
ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
ওই মুখপাত্র বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিকিফোরভ আরো বলেন, ওই গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
রয়টার্স বলছে, দুর্ঘটনার বিষয়ে নিকিফোরভের বিবৃতি দেওয়ার কয়েক মিনিট পরই জেলেনস্কির কার্যালয় থেকে তার ভিডিওবার্তা প্রকাশিত হয়। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন ইউক্রেনের প্রেসিডেন্ট।








