সুপ্রিম কোর্টের রায়ে স্তম্ভিত বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বহুবছরের পুরোনো গর্ভপাত অধিকার আইনের বিরুদ্ধে রায় দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এতে তিনি স্তম্ভিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য আজ এক দুঃখের দিন এবং দেশ এক চরম ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক পথে পা রাখল। খবর বিবিসি’র।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে শুক্রবার (২৪ জুন) বাইডেন বলেন, আদালত আগে যা কখনওই করেনি সেটিই এখন করেছে। আদালত বিশেষত, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, যেটি বহু আমেরিকানের কাছে খুবই মৌলিক একটি অধিকার।
উচ্চ আদালতের এই রায়কে নির্মম উল্লেখ করে বাইডেন বলেন, নারী এবং মেয়েরা একজন ধর্ষকের সন্তানও জন্ম দিতে বাধ্য হবে।
বাইডেন জানান, ‘রো বনাম ওয়েড’ এমন একটি সিদ্ধান্ত ছিল, যাতে নারীর গর্ভপাতের পথ বেছে নেওয়ার অধিকার এবং রাজ্যের এ বিষয়টি পরিচালনা করার এখতিয়ারের মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল। আর তা বেশির ভাগ মার্কিনির কাছে ‘গ্রহণযোগ্যও’ ছিল বলে তিনি মনে করেন।
আদালতের এই সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে বাইডেন বলেন, ‘এখানেই শেষ নয়।’ যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার নিয়ে লড়ে যাওয়া মানুষদের এখনও শেষ কথা বলার বাকি আছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, তার প্রশাসন এই মৌলিক অধিকারকে সমর্থন করবে। কোনও নারীর ভ্রমণের অধিকারে কোনও কর্মকর্তা হস্তক্ষেপ করতে পারবেন না। তাছাড়া, জন্মনিরোধক বড়ি এবং গর্ভপাতের জন্য ওষুধ যাতে নারীরা পান সেদিকে প্রশাসন লক্ষ্য রাখবে বলে জানান বাইডেন।
যেসব রাজ্যে বর্তমানে গর্ভপাতের ওপর কড়াকড়ি আছে সেখানকার নারীরা চাইলে দেশের অন্য জায়গায় গিয়ে এ ব্যাপারে সহায়তা পেতে পারেন বলেও জানান বাইডেন।
বক্তব্যের শেষে বাইডেন সবাইকে এবং সর্বোপরি গর্ভপাত বিতর্কের সব পক্ষকে শান্তি বজায় রেখে বিক্ষোভ-প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা গ্রহণযোগ্য নয়। হুমকি, ভয়ভীতি কোনও ভাষা নয়।








