সাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধীর আবেদন খারিজ
ভারতে ‘মোদি’ পদবি মামলায় সাজার রায় স্থগিত চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার (৭ জুলাই) গুজরাটের হাইকোর্ট এই রায় দেয়।
‘মোদি’ পদবি মন্তব্য মামলায় গত ২৩ মার্চ তৎকালীন এমপি রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাট ম্যাজিস্ট্রেট আদালত। রাহুলকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট আদালতের রায় এবং দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে রাহুল গিয়েছিলেন সুরাট দায়রা আদালতে।
গত ২০ এপ্রিল সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়। এই পরিস্থিতিতে রাহুলের এমপি পদও খারিজ হয়ে যায়। আদালতের দেওয়া রায় অর্থাৎ সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে গুজরাট হাইকোর্টে গিয়েছিলেন রাহুল গান্ধী। গতকাল সেখানেও তার আবেদন খারিজ হয়ে গেল। সাজা মওকুফ হলে রাহুল ফিরে পেতেন তার এমপি পদ।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে মোদি পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দায়ের হয় মানহানির মামলা। ঐ মামলায় রাহুলকে গত ২৩ মার্চ গুজরাটের সুরাট আদালত দোষী সাব্যস্ত করে। এবার সুরাট ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের রায়ই বহাল রাখল গুজরাট হাইকোর্ট।
আনন্দবাজার পত্রিকা








