শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ভারত
স্মরণকালের সবচেয়ে ভয়ংকর আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে চলতি বছর সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ভারত। যার পরিমাণ ৩৭৭ মিলিয়ন ডলার। স¤প্রতি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কার থিংক ট্যাংক ভেরাইট রির্সাচ।
প্রতিবেদনটি জানিয়েছে, জানুয়ারি-এপ্রিল মাসে শ্রীলঙ্কার নেয়া মোট ৯৬৮ মিলিয়ন ডলার ঋণের মধ্যে ৩৭৭ মিলিয়নই দিয়েছে ভারত। যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দিয়েছে ৩৬০ মিলিয়ন ডলার ঋণ। ভারত ও এডিবি মিলে চার মাসে শ্রীলঙ্কাকে দিয়েছে মোট ঋণের ৭৬ শতাংশ।
২০১৭-২১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা ছিল চীন। ২০২১ সালে চীন সরকার ৯৪৭ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল শ্রীলঙ্কাকে, যার মধ্যে ৮০৯ মিলিয়ন ডলার ধার নেয়া হয়েছিল চায়না ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। সে সময় এডিবি ছিল বৃহত্তম বহুপাক্ষিক ঋণদাতা।
এরপরও শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নেমেছে এবং পটভূমি থেকে ছিটকে গেছে চীন। আমদানি নির্ভর দেশটি অনেক দিন ধরেই বৈদেশিক মুদ্রার অভাবে ধুঁকছে। সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনায় রিজার্ভ নেমেছে তলানিতে। এতে যানবাহনের জ্বালানি, খাদ্যসামগ্রী, রান্নার গ্যাস এবং ওষুধের মতো নিত্যপণ্য কিনতে পারছে না সরকার। চাহিদার চেয়ে জোগান অনেক কম হওয়ায় নিত্যপণ্যের দাম হয়েছে আকাশচুম্বী। দেখা দিয়েছে চরম লোডশেডিং। আর্থিক সংকটের প্রভাব পড়ে রাজনীতিতেও।
কলম্বোতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, শ্রীলঙ্কায় চলতি বছর ভারতের মোট ঋণ সহায়তা ৪ বিলিয়ন ডলার। জুন থেকে সংকটে থাকা শ্রীলঙ্কায় বাকিতে ৭০০ মিলিয়ন ডলারের জ্বালানি দিয়েছে নয়াদিল্লি।








