রাতে মণ্ডপ পাহারা দেবার অনুরোধ আইজিপির
নবমীর রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সারাদেশের দুর্গাপূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন৷ মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ অনুরোধ জানান৷
আইজিপি বলেন, “অনুরোধ করবো, আজকে শেষ রাত, বারোটা পর্যন্ত লোকজন আছে৷ বারোটার পর থেকে সকাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ৷ সবাই সতর্ক থাকবেন৷ অন্তত একজন লোক যেন এখানে (মন্ডপে) থাকে৷ মিডিয়ার মাধ্যমে সবাইকেই এ অনুরোধ করছি৷ দেশের সব মন্ডপের কথাই আমি বলছি৷”
মন্ডপে অন্তত একজনকে পাহারা দেওয়ার জন্য রাখার অনুরোধ করে তিনি বলেন, “রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত একজন পাহারাদার যেন মন্ডপে থাকে৷ যদি কেউ দুষ্কর্ম করতে আসে তাকে যেন ধরে ফেলতে পারে৷ না ধরতে পারলে চিনে রাখবেন আমরা ধরে ফেলবো৷”
“সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন আমরা ধরে রাখবো৷ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য আমরা সবাই সচেতন আছি৷”
তিনি আরও বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল৷ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সকলে মিলে আমরা কাজ করছি৷ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি৷ এরপরও দুষ্কৃতিকারীরা অপকর্ম করতে চেষ্টা করে।”








