যুদ্ধের ১৭ দিনে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত: জেলেনস্কি
রুশ-ইউক্রেন সংঘাতের ১৭ তম দিন চলছে শনিবার। এই ১৭ দিনে প্রায় ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ মার্চ) কিয়েভে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। তবে নিহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
এদিকে শুক্রবার পাশ্চাত্যের কয়েকট সূত্র জানিয়েছে, তারা ধারণা করছেন একই সময়ে রাশিয়ার প্রায় ছয় হাজার সেনা নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।








