যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়িতে ধাক্কায় আহত তাহমিনা আক্তার (৩৯) নামের এক বাংলাদেশি নারী মারা গেছেন।
গেল শুক্রবার বিকেলে স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কা দিলে আহত হন তাহমিনা।
এক বিবৃতিতে ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ জানিয়েছে, ওই সময় ব্যাকলিক রোডের দক্ষিণমুখী একটি গাড়ি তাহমিনাকে অতর্কিতে ধাক্কা দেয়। এতে তাহমিনা মারাত্মক আহত হন।
সঙ্গে সঙ্গে তাহমিনাকে ফেয়ারফ্যাক্স হাসপাতালে নেওয়া হয়। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় ফেয়ারফ্যাক্স হাসপাতালে তাহমিনার মৃত্যু হয়।
অভিযুক্ত গাড়ির চালক দুর্ঘটনার পর পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন বলেও ফেয়ারফ্যাক্স কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে।
তাহমিনা আক্তার প্রায় ১০ মাস আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি সপরিবারে ভার্জিনিয়ায় স্বামী ও দুই কন্যার সঙ্গে বাস করতেন।
ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ♦








