মোদিকে হত্যার হুমকি: আনন্দবাজার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইমেইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তদন্তে নেমেছে। শুক্রবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এনআইএ জানায় মোদিকে হত্যার ষড়যন্ত্রের কথা জানিয়ে তাদের দফতরে একটি মেইল এসেছে। মেইলে প্রেরক মোদিকে আরডিএক্স বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি দিয়েছেন। একইসঙ্গে দেশের ২০টি শহরে নাশকতার পরিকল্পনার কথাও জানিয়েছে মেইলকারী।
এনআইএ জানায়, ওই ইমেইল প্রেরকের পরিচয় জানতে আইপি অ্যাড্রেসের খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে।
আনন্দবাজার বলছে, শুক্রবারই মোদিকে পাঠানো ওই হুমকি দেওয়া আংশিক মেইলের বার্তা প্রকাশ্যে আনে এনআইএ। তাতে দেখা যায়, প্রেরক দাবি করেছেন, তার কাছে ২০টি আরডিএক্স বোমা রয়েছে। ওই বোমার সাহায্যে তিনি দেশে ২০টি শহরে বড় নাশকতা চালাবেন। এ ব্যাপারে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কথা হয়েছে তার।
মেইলে প্রেরক আরও জানান, ২০টি বোমা জোগাড় করতে কোনো অসুবিধা হয়নি তার। সহজেই তা পেয়েছেন।
এছাড়া মেইলে হুমকিদাতা লিখেছেন, ‘আমি যত দ্রুত সম্ভব মোদিকে মারতে চাই। আমি বোমা মেরে উড়িয়ে দিতে চাই প্রধানমন্ত্রীকে। উনি আমার জীবনকে হত্যা করেছেন। আমার জীবন নষ্ট করেছেন। আমি কাউকে ছেড়ে দেবো না। আমি দু’কোটির বেশি মানুষকে হত্যা করবো।’








