‘মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে’
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় যারা নির্বাচিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুব শক্তিশালী প্রাণী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।
তিনি বলেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এর পরেও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেবে না।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে দুই মেয়রকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য মুজিববর্ষের আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।
আজ শপথগ্রহণ অনুষ্ঠান হলেও আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পেতে মে মাসের মধ্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমান যেসব কাউন্সিলর পুনর্নির্বাচিত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
৯ মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত। ♦








