ভারতে দ্রুত হারে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত
ভারতে শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম থাকলেও সময় যত অতিবাহিত হচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে।
ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে।
ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
রবিবার মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। তবে তার মধ্যেও আশার খবর হলো, সংক্রমিত ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে লক্ষ্যে রাজ্যে, শহরে লকডাউন, শাট ডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কারফিউ।’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এই পদক্ষেপে ব্যাপক সাড়াও মিলছে রবিবার সকাল থেকেই।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চীন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইতালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইতালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ১৭১টি দেশে।








