ভারতের ৩০ মার্কিন ড্রোন কেনার আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’
ভারত ৩০ টি এমকিউ-৯বি প্রিডেটর অস্ত্রবাহী ড্রোন কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রসর পর্যায়ে রয়েছে।
চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর সামগ্রিক নজরদারি কার্যক্রমকে জোরদার করতে ৩শ’ কোটি ডলারের বেশি ব্যয়ে এসব ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে ভারত।
বিষয়টির সঙ্গে ওয়াকেবহাল ব্যক্তিরা এনডিটিভিকে রবিবার এ কথা জানিয়েছেন।
দীর্ঘপথ চলায় সক্ষম ‘হান্টার কিলার’ ড্রোনগুলো ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার জন্য সংগ্রহ করা হচ্ছে।
এগুলো সমুদ্রে নজরদারি, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ এবং স্থলভাগের স্থির থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানাসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারে।
এমকি-৯বি ড্রোন হল এমকিউ-৯ ‘রিপার’ এর একটি ধরন। এমকিউ-৯ ‘রিপার’ ড্রোন দিয়েই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে গত মাসে কাবুলে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছিল বলে জানানো হয়েছে৷
ভারতের প্রতিরক্ষা মহলের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা কম্পানি জেনারেল অ্যাটোমিক্স এর নির্মিত ড্রোনগুলো সরকারি পর্যায়ে কেনার জন্য নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি আলোচনার বাইরে রয়েছে এমন খবর প্রত্যাখ্যান করেছেন তারা।
জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশনের প্রধান নির্বাহী বিবেক লাল পিটিআই-কে বলেছেন, ড্রোন সংগ্রহের কর্মসূচিটি দুই সরকারের মধ্যে আলোচনার অগ্রসর পর্যায়ে রয়েছে।
এনডিটিভি








