ব্যাংক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছেন ব্যবসায়ীরা
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সোমবার বিকেল ৩টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ১২ জনের একটি দল এ বৈঠকে অংশ নেবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর আবদুর রউফ তালুকদারসহ চার ডেপুটি গভর্নর বৈঠকে উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, বৈঠকের মূল আলোচ্যসূচিতে বিদ্যমান আর্থিক ও ব্যাংকিং খাতের পরিস্থিতি প্রাধান্য পেয়েছে। এ ছাড়া সংকট মোকাবিলায় নীতি সহায়তা ও আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করতে ব্যাংকিং সহায়তা বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
বৈঠকে উপস্থিত থাকবেন এমন একজন ব্যবসায়ী দৈনিক বাংলাকে বলেন, সম্প্রতি আমদানির জন্য ঋণপত্র খুলতে গিয়ে অনেক ব্যবসায়ী সমস্যায় পড়ছেন। ডলার সংকটের কথা বলে অনেক ব্যাংক ঋণপত্র খুলতে চাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ঋণপত্র খোলার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা সম্ভব হচ্ছে না। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে সমাধান চাওয়া হবে।
এ ছাড়া এলসির রি-পেমেন্ট শিডিউলের বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী জানান, আমদানিতে ডলারের মূল্য নিয়েও তারা কথা বলবেন।
অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এখনো আশার আলো হয়ে আছে তৈরি পোশাকের রপ্তানি। কিন্তু এ খাতেও ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলেন, রপ্তানিকে সচল রাখতে এ সমস্যার আশু সমাধান দরকার।








