বিশ্বাসঘাতকদের ইউক্রেনীয় পুলিশের খোঁজে তল্লাশি
হাত ওপরে তোল! কাগজপত্রগুলো ছুড়ে দাও! দুই সন্দেহভাজনের দিকে অস্ত্র তাক করে চিৎকার করে বললেন দুই ইউক্রেনীয় পুলিশ কর্মকর্তা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের দনিপ্রো নদীর তীরে নৌকা ভিড়াতেই দুজন পুরুষকে ধরে ফেলে পুলিশ। দনিপ্রো নদীর একটি চর থেকে থেকে এরা খেরসন শহরে নৌকাযোগে এসেছিলেন। ইউক্রেনীয় পুলিশের সন্দেহ, এরা রাশিয়ার পক্ষে কাজ করছে।
খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত দনিপ্রো নদীর পূর্বাংশ থেকে ইউক্রেন নিয়ন্ত্রিত পশ্চিম তীরকে আলাদা করা কুখ্যাত গ্রে জোনে চরটির অবস্থান। এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শুধু বন্দর দিয়ে লোকজনকে এলাকা ছাড়ার অনুমতি দেয়া হয়েছে। নদীতীর দিয়ে এ ধরনের কাজ অবৈধ।
রুশ বাহিনীকে তাড়ানোর পর থেকে দনিপ্রো নদীটি এখন দক্ষিণ ইউক্রেনের যুদ্ধের নতুন প্রধান ফ্রন্টলাইন হয়ে উঠেছে। ইউক্রেনীয় বাহিনী গত নভেম্বরে আঞ্চলিক রাজধানী শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়। রুশ বাহিনী পিছু হটে দনিপ্রো নদীর পূর্বাংশে চলে যায়। খেরসনে এই কিয়েভ সেনাদের সাফল্যে ইউক্রেনজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। তবে যুদ্ধের রুঢ় বাস্তবতায় উচ্ছ্বাস আবেগ খুব বেশি দিন স্থায়ী হয়নি। রুশ বাহিনীকে হটানোর সপ্তাহখানের পর থেকে কর্তৃপক্ষ এখন খেরসনের বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে। রাশিয়া খেরসন দখলে রাখার সময় যেসব মানুষ রুশ বাহিনীর সঙ্গে আঁতাত করেছিল, তাদের খুঁজে বের করতে চায় বর্তমান শহরের প্রশাসন।
আঞ্চলিক গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ এএফপিকে বলেন, ‘কিছু লোক এখানে আট মাসেরও বেশি সময় ধরে বাস করে রুশ বাহিনীর জন্য কাজ করেছে। আমাদের কাছে এদের প্রত্যেকের সম্পর্কে তথ্য ও প্রমাণাদি রয়েছে। আমাদের পুলিশ এদের সম্পর্কে সব জানে। এদের প্রত্যেককে শাস্তি দেয়া হবে। এসব বিশ্বাসঘাতককে ধরতে স্থানীয়দের কাছে সহায়তা চাওয়া হচ্ছে।’
ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেছেন, রুশ দখলদারদের সহযোগিতা করার অভিযোগে খেরসন অঞ্চলে এখন পর্যন্ত ১৩০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
রুশ বাহিনী দনিপ্রো নদীর পূর্বাংশের ঘাঁটি থেকে কিয়েভ নিয়ন্ত্রিত খেরসন শহরে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা খেরসনের বিদ্যুৎ, জ্বালানি অবকাঠামো এবং আবাসিক এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। গত কয়েক সপ্তাহে এসব হামলায় বেশ কয়েকজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।
মেলিতোপোলে কিয়েভ বাহিনীর হামলা
জাপোরিঝিয়া প্রদেশের মেলিতোপোল শহরে রুশ ঘাটিতে গত শনিবার অভিযান চালিয়েছে কিয়েভ বাহিনী। শহরের মস্কোপন্থি প্রশাসন জানায়, কিয়েভ বাহিনীর অভিযানে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কমপক্ষে ১০টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এর বেশির ভাগই রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার।








