বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের নির্দেশ
করোনাভাইরাসের বিস্তাররোধে আগামীকাল ২৫ মার্চ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২৪ মার্চ) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। চারটি দেশ ও অঞ্চল ছাড়া বাকি সব দেশের ফ্লাইট আসা বন্ধ রয়েছে আগে থেকেই। যে চার দেশ ও অঞ্চল বাকি রয়েছে, তাদের মধ্যে হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক (ড্রাগন এয়ার) ২৮ মার্চ থেকে আর আসবে না বলে জানিয়েছে।
এছাড়াও থাইল্যান্ডের ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের যে ফ্লাইটটি আসছিল, সেটিও বুধবার থেকে আসবে না বলে নিশ্চিত করা হয়েছে।
অর্থাৎ এখন আন্তর্জাতিক রুটের কেবল যুক্তরাজ্য ও চীনের ফ্লাইট আসবে দেশে। ♦








