বাংলাদেশের ফেনী জেলায় ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা
ফেনীর ছাগলনাইয়ায় বুধবার দুপুরে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে দর্শকদের সামনে তার স্ত্রীকে খুন করেছেন।
পরে টুটুল নামের ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুরো ঘটনা জানান। পুলিশকে ঠিকানা দিয়ে তাকে ধরে নিয়ে যেতে বলেন।
পুলিশ পরে তাকে আটক করে ফেনী থানায় জিজ্ঞাসাবাদ করে।
ফেনী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হনুফা আক্তার জানান, পারিবারিক কলহের জেরে টুটুল তার স্ত্রীকে খুন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পুলিশ জানায়, টুটুল ফেনীর বারাহীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভূঁইয়া বাড়িতেথাকেুপুরে সে ফেসবুক লাইভে আসে। তার পরিবারের কলহের কথা দুই মিনিটের মতো সবাইকে জানায়। এ সময় টুটুল ঘরময় হেঁটে বেড়াচ্ছিল। মাঝে মাঝে সে তার কৃতকর্মের সপক্ষে যুক্তি তুলে ধরছে। পরিবারের ‘অশান্তির’ বিষয় জানিয়ে মেয়ের দিকে খেয়াল রাখার কথা বলে সে। এক পর্যায়ে ধারালো কিছু একটা নিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে সে। কিছুক্ষণ পর একজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় মাটিতে। কোপানো শেষ করে ‘আজ থেকে অশান্তি শেষ’ বলে ফেসবুক থেকে বিদায় নেয় টুটুল।
কিন্তু হত্যাকাণ্ডের ভিডিওটি ঘন্তাখানেক পর আর ফেসবুকে পাওয়া যায় নি। অভিযুক্ত হত্যাকারী নিজেই হত্যাকাণ্ডের পর ভিডিওটি নিজের ফেসবুক ওয়াল থেকে সরিয়ে নেয়।
কিন্তু এখন অনেকেই ভিডিও শেয়ার করছে এবং উল্লেখ করছে, ডিলিট হবার আগেই ভিডিওটি তারা ডাউনলোড করে রেখেছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহত নারী এক সন্তানের মা ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তার।◉








