বাংলাদেশের গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলে থেকে আরও ২ জন করোনা আক্রান্ত
বাংলাদেশের গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসে আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ এ।
শনিবার দুপুরে (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআরের প্রতিনিধি দল।
শুক্রবার (২৭ মার্চ) গাইবান্ধার আরও দুজন করোনাভাইসাসে আক্রান্ত বলে নিশ্চিত করে আইইডিসিআর। এ নিয়ে গাইবান্ধা জেলায় এ পর্যন্ত চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
তিনি বলেন, আক্রান্ত চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন নি। বরং এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। এ হিসেবে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এছাড়া এসময়ে নতুন করে কোনো মৃত্যুও নেই।
তবে তার সংবাদ সম্মেলনের পরই এসেছে নতুন আক্রান্তের খবর।♦








