বড়দিনে মানুষকে ঈশ্বরের ভালোবাসার বার্তা দিলেন পোপ
বড়দিনের আগমনে মানুষের মাঝে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার বার্তা দিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ঈশ্বর প্রত্যেককেই ভালোবাসেন। মানুষ যত গরিব বা পাপীই হোক না কেন তাতে ইশ্বরের অসীম ভালোবাসায় কোনও কমতি হয় না। মানুষ ভুল চিন্তা করতে পারে। কিন্তু ঈশ্বর ভালোবেসেই যান। এমনকী সবচেয়ে খারাপ ব্যক্তিটিও তার ভালোবাসা থেকে বঞ্চিত হন না।
মঙ্গলবার রাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন পোপ। এ ভাষণে গির্জায় ত্রুটিপূর্ণ কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার ছায়া থেকে কাউকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের সাম্প্রতিক সমস্যাগুলোর কথা উল্লেখ করে পোপ বলেন, আসুন আমরা ঈশ্বরের কথা মাথায় রেখে তার ধ্যানে মগ্ন হই। ঐশ্বরিক সেই অপার ভালোবাসার ছায়াতলে নিজেদের সমর্পণ করি।
তিনি বলেন, আমরা প্রায়ই ভাবি ভালো কাজ করলে ঈশ্বর আমাদের ভালো করবেন, আর খারাপ করলে তিনি আমাদেরকে সাজা দেবেন।কিন্তু ঈশ্বর আসলে এমন নন।
প্রথা অনুযায়ী বড়দিন বুধবার বিশ্বকে বার্তা দিতে আবারো সেন্ট পিটার্স বাসিলিকায় উপস্থিত হবেন পোপ। পোপের এই বার্ষিক ভাষণ শুনতে হাজার হাজার অনুসারী বাসিলিকা গির্জায় জড়ো হয়।








