ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রের বিজয়
ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিপুল ভোটে জয় পেয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। খবর এপি ও সিএনএন।
গতকাল সোমবারের নির্বাচন শেষে এখন পর্যন্ত ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ভোট পেয়েছেন তিন কোটির ওপর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেদো পেয়েছেন এক কোটি ৪৭ লাখ ভোট। অপর প্রার্থী বক্সিং তারকা ম্যানি প্যাকুইয়াও পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ভোট।
বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়র দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। ফার্দিনান্দের স্বৈরাচারী শাসনামলে ফিলিপাইনে মানাবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ও সীমাহীন দুর্নীতির নজির স্থাপন করেছেন তিনি। ২১ বছর শাসনের পর জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে হয় তাকে। তিন দশকেরও বেশি সময় পর ফের ফিলিপাইনের রাষ্ট্রক্ষমতায় বসতে যাচ্ছে মার্কোস পরিবার।
গত এক দশক ধরে নিজ পরিবারের নাম ও ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করে গেছেন মার্কোস জুনিয়র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সেই কাজ অব্যাহত রেখেছেন তিনি। বংবংয়ের এই ভূমিধস বিজয়কে তার দশক-ব্যাপী প্রচেষ্টার চূড়ান্ত ফলাফল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
গতকাল নির্বাচন শেষে এক ভাষণে তার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান এই সাবেক সিনেটর। তিনি বলেন, যদিও গণনা এখনো শেষ হয়নি, তবুও আপনাদের ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না। যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের লড়াইয়ে সামিল হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।








