প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত
একজন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন এক মুখপাত্র।
ওই মুখপাত্র জানান, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার উপসর্গ সামান্যই। এ ছাড়া অন্যান্য শারীরিক অবস্থা ভাল।
তার স্ত্রী দ্য ডাচেস অব কর্নওয়াল ক্যামিলাকেও করোনা টেস্ট করানো হয়।
তবে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ তার মধ্যে পাওয়া যায়নি। তিনি নিরাপদ আছেন।
তবে প্রিন্স চার্লস এবং ক্যামিলা দুইজনেই স্কটল্যান্ডে বালমোরালে সেলফ আইসোলেশনে আছেন।
কার মাধ্যমে প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায় নি বলে ওই মুখপাত্র জানান।
এদিকে যুক্তরাজ্যে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪২৩ জন।
উল্লেখ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ১৯ হাজার ৬৩৭ জন।
এছাড়া এখন পর্যন্ত ৪ লাখ ৩৬ হাজার ৩৭২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৮৭৮ জন।
রয়টার্স, সিএনএন








