পুতিন-জেলেনস্কিকে যে আহ্বান জানালেন মোদি
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে এখন অবধি রাশিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি ভারত। পশ্চিমাদের চাপ উপেক্ষা করে উল্টো রাশিয়া থেকে দেদারছে তেল কিনছে ভারত। তবে আজ সোমবার (১১ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেছেন, ‘তিনি পুতিন ও জেলেনস্কিকে সরাসরি বৈঠক করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন।’
আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি বলেন, ইউক্রেনের যুদ্ধ ‘উদ্বেগজনক’। সেই সঙ্গে তিনি ইউক্রেনের নিরপরাধ নাগরিকদের হত্যার নিন্দা জানান।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ দেখাবে। আমরা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং তাদের জন্য অবাধ মানবিক সরবরাহ ও সহায়তার ওপরও জোর দিয়েছি।’








