নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ কমিটিওম্যান প্রার্থী জামিলা
নিউ ইয়র্কে ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ (কুইন্স)-এর কমিটিওম্যান প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা আক্তার উদ্দিন।
প্রথম দক্ষিণ এশীয় হিসেবে স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এর কমিটিওম্যান পদটি বেছে নিয়েছেন জামিলা উদ্দিন। তাকে সমর্থন দিচ্ছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি এবং ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ – সংক্ষেপে যার পরিচিতি ‘অ্যাসাল।’
দু বছর মেয়াদী এ কমিটিওম্যান পদে বিজয়ী হলে নিউ ইয়র্ক রাজ্যের দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ব্যয়ভার মনিটরিংয়ের দায়িত্ব বর্তাবে জামিলার ওপর। দায়িত্ব থাকবে দলকে সুসংগঠিত করার পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির মেম্বার বাছাইয়েরও। এছাড়া দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের সমর্থনদানের গুরুদায়িত্বটিও থাকবে তার ওপর।
দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন এবং নিউ ইয়র্ক সিটি ভোটার এসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিনের কন্যা তিনি।
পারিবারিক আবহ ও সচেতনতার ফলে রাজনীতিতে আগ্রহী জামিলা জন্মেছেন নিউ ইয়র্কের ব্রঙ্কসে। লেখাপড়া করেছেন ব্রঙ্কসের পার্কচেস্টার পাবলিক স্কুলে। স্কুলের পাঠ শেষে গ্র্যাজুয়েশন করেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের জন জে কলেজে। এরপর আরবান প্ল্যানিংয়ে এমবিএ করেন ব্রুকলিন কলেজ থেকে।
জানা যায়, উচ্চ শিক্ষা শেষে জামিলা ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ইয়ুথ কো-অর্ডিনেটর, ২০১৩ সালে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জন ল্যু’র সাউথ এশিয়ান ডিরেক্টর, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনের ফিল্ড ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ডেমোক্র্যাটিক পার্টির নিউ ইয়র্ক সিটির ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ডোনোভান রিচার্ডসের ক্যাম্পেইন পরামর্শক ছিলেন বলেও জানা গেছে।
জামিলা আক্তার উদ্দিন বর্তমানে কুইন্স এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৫ এর এ্যাসেম্বলিম্যান জেফ অর্বের ক্যাম্পেইন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। এছাড়া অ্যাসাল জাতীয় কমিটির অ্যাসোসিয়েট পলিটিক্যাল অ্যাকশন ডিরেক্টর হিসেবেও দায়িত্বেও রয়েছেন তিনি।
জানা যায়, প্রথম থেকেই অ্যাসালের ইয়ুথ ডিরেক্টর ছিলেন জামিলা আক্তার। সে সময় তিনি ফ্লোরিডায় নিহত ট্রেভর মার্টিনের সমর্থনে সমাবেশ করেছিলেন। চলমান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনেরও একজন সক্রিয় সংগঠক জামিলা। ডেমোক্র্যাটিক পার্টির নিউ উইয়র্ক সিটির ডিরেক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে ভাষা-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক জামিলার।
জামিলা উদ্দিন জানান, তার নির্বাচনী এলাকায় (জ্যামাইকা এস্টেটস, অউবারডেল, হোলিসউড, বেলরোজ, ডগলাস্টন, লিটল নেক, গ্লেন ওকস, ফ্লোরাল পার্ক এবং বেইসাইড) বাংলাদেশি, ভারতীয়, জ্যামাইকান, চায়নিজ এবং শ্বেতাঙ্গের আধিক্য রয়েছে। তার নির্বাচনী এলাকার সকলের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন তিনি। নির্বাচিত হলে বাংলাদেশিসহ সকলের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।
জামিলা ২২ জুন পর্যন্ত আর্লি ভোট না দিয়ে থাকলে আগামী ২৩ জুন মঙ্গলবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ⛘








