নিউইয়র্কে করোনাভাইরাসে আরও ১ বাংলাদেশি আক্রান্ত
নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকার এক বাংলাদেশি নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ৪৬ বছরের ওই নারী এখন মাইমনিটাইজ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড এলাকার আরেক বাংলাদেশি পুরুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্ত নারীর পরিচিত লেখক মিলি সুলতানা জানান, ওই নারী তার স্বামীর সঙ্গে ম্যানহাটনে ফুড ভেন্ডিংয়ে কাজ করতেন। এটি তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান।
তার স্বামীকে নেওয়া হয়েছিল পরীক্ষা করতে। কৌতূহলবশত তিনি নিজেও পরীক্ষা করান। কিন্তু দেখা যায় তার স্বামীর নেগেটিভ এসেছে। কিন্তু তার নিজের হয়েছে পজিটিভ ।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি বর্তমানে দেশটির লং আইল্যান্ড এলাকার একটি হাসপাতালে রয়েছেন। তাকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্যপ্রযুক্তি) পেশায় কর্মরত। আক্রান্তের পরিবারে আরও চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৬১৩ এবং নিউইয়র্ক সিটির রয়েছেন ২৬৯ জন ।
এতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১৩৪ দেশের ১ লাখ ৫৬ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ জনে।♦








