নারী-পুরুষ আলাদাভাবে উচ্চশিক্ষা নেবে: তালেবান মন্ত্রী
স্নাতকোত্তরসহ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন আফগান নারীরা। তবে এ ক্ষেত্রে তাদের মানতে হবে কিছু শর্ত। শ্রেণীকক্ষে তারা পুরুষ সহপাঠীদের সঙ্গে বসতে পারবেন না। আর মাথা ঢাকা থাকতে হবে।
আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তান তালেবানদের দখলে যাওয়ার পর সরকারে নারী নেতৃত্ব থাকবে এমন প্রতিশ্রুতি দিলেও তা দেখা যায়নি। আশঙ্কা করা হচ্ছিল, নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করবে না সংগঠনটি। তবে, গতকাল রোববার তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল বাকী হাক্কানি নারীদের উচ্চশিক্ষার বিষয়ে ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের কাছে এখন যা আছে তা দিয়েই নতুন করে শুরু করবো।
রোববার তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বাধ্যতামূলক ড্রেস কোডসহ বিধিনিষেধের মুখোমুখি হবে। হিজাব বাধ্যতামূলক হবে। আবদুল বাকী হাক্কানি আরও বলেন, নারী-পুরুষ আলাদাভাবে করা হবে। তারা একসাথে বসে পড়াশোনা করতে পারবে না। নারী শিক্ষকদের দ্বারা ছাত্রীদের পড়ানো হবে। পর্যাপ্ত নারী শিক্ষক থাকায়, এতে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে আরও বেশি নারী শিক্ষক খুঁজে বের করা হবে বলেও তিনি জানান।
যে বিষয়গুলো পড়ানো হচ্ছে তার সিলেবাস পর্যালোচনা করে দেখা হবে বলেও জানান তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল বাকী হাক্কানি। তিনি আশাপ্রকাশ করেন, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক পাশকরা শিক্ষার্থীরা বিশ্বের অন্যদেশ থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।








