জামায়াতের বিষয়ে আ. লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াতে ইসলামীর বিষয়ে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার (১০ জুন) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জামায়াত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে (ঘরোয়াভাবে) করতেই পারে।
তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল, সেটি কমিশনার (ডিএমপি) যাচাই করে (অনুমোদন) দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা বিভিন্ন সময় সমাবেশ করে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। তারা সমাবেশ করতে মাঠে দাবি জানিয়েছিল।
আমরা সেগুলোর অনুমোদন দেয়নি। এসব কিছু মাথায় রেখেই তাদের ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।’
প্রায় ১০ বছর পর জামায়াতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা-সমাবেশ করতেই পারে।
গতকাল শনিবার এক দশকের বেশি সময় পর জামায়াতে ইসলামী পুলিশের মৌখিক অনুমতি পেয়ে ঢাকায় সমাবেশ করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এই সমাবেশ করা হয়। জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাস আগে সরকারের অনুমতি পেয়ে জামায়াতের সমাবেশ করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।








