ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদানের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। খবর রয়টার্সের।
ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলোকে সেন্ট্রাল হসপিটালে পাঠানো হয়েছে। এখনো কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের উপর ধসে পড়ে।
ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল শহরগুলোর অন্যতম। সারিবদ্ধ পাহাড়ের ঢালুতে অনেকগুলো ধাপের ওপর নগরীটি গড়ে উঠেছে।








