ঋণখেলাপি এড়াতে ডলারেই ঋণ পরিশোধ রাশিয়ার
ঋণখেলাপি হওয়া এড়াতে দেরিতে হলেও এবার একেবারে ভিন্ন পথ বেছে নিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়া ইতিমধ্যে বাকি পড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ঋণ ডলারে পরিশোধ করেছে। যদিও এর আগে দেশটি বলেছিল, ঋণের অর্থ তারা কেবল রুবলেই পরিশোধ করবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ার ওপর ভারী অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ফলে দেশটি বিদেশি ব্যাংকগুলোতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে পারছে না। সিএনএন বলছে, বিদেশের মাটিতে রাশিয়ার প্রায় ৩১৫ বিলিয়ন ডলারের বৈদেশিক রিজার্ভ স্থগিত করা হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল রাশিয়া বলেছিল, বন্ডের অর্থ তারা সমপরিমাণ রুশ মুদ্রা রুবলে পরিশোধ করেছে। তবে এর তিন দিন পরই ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি রাশিয়াকে বৈদেশিক ঋণের দায়বদ্ধতার ক্ষেত্রে ঋণখেলাপি ঘোষণা করে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২০২২ সালের ইউরোবন্ডের জন্য ৫৬৪ দশমকি ৮ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালের বন্ডের জন্য ৮৪ দশমকি ৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সিটি ব্যাংকের লন্ডন শাখায় প্রয়োজনীয় এই তহবিল সরবরাহ করেছে।








