ইতালি থেকে ফিরে সরাসরি চবির হলে, তারপর কোয়ারেন্টাইনে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের একটি রুম থেকে ইটালি ফেরত এক যুবককে উদ্ধার করেছে প্রশাসন। পরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে ওই যুবকসহ ৬ জনকে চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
গত রবিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।
উদ্ধারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দস্তগীর হোসাইন মাহফুজ, মাছিহাতা সদরের সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহিম খলিল, ভাটামাঠার জামাল উদ্দিন, ওই কক্ষে অবস্থান করা চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের জয়।
জানা যায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরে কোনও চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সাথে আসেন নিজ এলাকার বন্ধুরা। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিলেন।
আবদুর রব হলের ওই কক্ষে তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটি। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এনেছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উদ্ধারকৃত ৬ জনই করোনাভাইরাস মুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সেই ৬ যুবক করোনাভাইরাস মুক্ত রয়েছে। আমরা পরীক্ষা করে কোনও আলামত পাই নি। তাদের মধ্যে ইটালি ফেরত যুবক ছাড়া অন্য ৫ জনকে ১৪ জনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইটালি থেকে আসা যুবকের ১৪ দিন অতিবাহিত হওয়া তাকে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না।♦








