অভিনয় শিল্পী শাবানা আজমির গাড়িচালকের বিরুদ্ধে মামলা
বলিউডের কিংবদন্তি অভিনয় শিল্পী শাবানা আজমির গাড়িচালক অমলেশ যোগেন্দ্র কামতের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে শনিবার যে ট্রাকের পেছনে ধাক্কা মারে শাবানা আজমির গাড়ি, সেই ট্রাকচালক রাজেশ পাণ্ডুরাং শিন্ডে ওই মামলাটি করেন। খবর এনডিটিভির।
মামলার এজাহারে বলা হয়েছে, ট্রাকটির পেছনে ধাক্কা মেরেছিল শাবান আজমির গাড়ি।
চালকের ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর ফলে গাড়িটি গিয়ে পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত ট্রাককে ধাক্কা মারে। ফলে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই দ্রুত আহত শাবানাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে। সেখান থেকে পরে তাকে নিয়ে আসা হয় মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে।
গাড়িতে শাবানার স্বামী উপমহাদেশের প্রখ্যাত গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতারও ছিলেন। তবে তার চোট তেমন গুরুতর নয় বলে জানা গেছে।








