মোদির ভিডিও কনফারেন্সের আহ্বানে সাড়া দিলেন ইমরান খান
করোনাভাইরাস মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের আহ্বানে সাড়া দিয়েছেন পাকিস্তানে প্রধানমন্ত্রী।
শুক্রবার করোনা প্রাদুর্ভাব রুখতে সার্ক অর্ন্তভূক্ত সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন মোদি। এ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপযুক্ত কৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
মোদির সেই প্রস্তাবে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে সম্মতি জানিয়েছে পাকিস্তান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ ছাড়া এই বৈশ্বিক মহামারী মোকাবেলা অসম্ভব হয়ে পড়েছে। ’
এ বিষয়ে শনিবার সকালে একটি টুইট করেন আয়েশা ফারুকী।
তিনি লেখেন, ‘কোভিড-১৯ মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এই ইস্যুতে সার্কভূক্ত সদস্য দেশগুলোর প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ স্বাস্থ্য সহকারীকে দায়িত্ব দেয়া হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার নরেন্দ্র মোদি তার একাধিক টুইটে লেখেন, ‘আমি প্রস্তাব করছি, সার্কের নেতারা করোনাভাইরাসের লড়াইয়ে শক্তিশালী এক কৌশল নির্ধারণ করবেন। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা এ বিষয়ে আলোচনা করতে পারি।’ ♦








