পিরিয়ড নিয়ে রান্না করলে পরজন্মে নারীরা হবে কুকুর, পুরুষেরা হবে ষাঁড়
স্বামী কৃষ্ণস্বরূপ দাস মনে করেন, পিরিয়ড চলাকালীন যেসব স্ত্রী তাদের স্বামীর জন্য রান্না করবেন, তারা পরজন্মে এই পাপের শাস্তিস্বরূপ কুকুর হয়ে জন্মাবেন। এবং তাদের হাতে রান্না খেলে পুরুষেরা জন্মাবেন ষাঁড় হয়ে।
স্বামী কৃষ্ণস্বরূপ দাসকে মন্দিরের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলতে শোনা গেছে। ভিডিওতে কৃষ্ণস্বরূপ আরও বলেন, আমার মতামত কারও পছন্দ না হলে কিছুই যায় আসে না। কিন্তু এসব কথা শাস্ত্রে লেখা আছে। নারীরা বোঝেন না, ঋতুস্রাব চলার সময়টা কঠিন তপস্যার মতো। আমারও এসব বলতে ভালো লাগছে না। কিন্তু সতর্ক করাটা আমার দায়িত্ব। পুরুষদের রান্না শিখে রাখা উচিত, এতে আপনাদের ভালো হবে।
মন্দিরের ইউটিউব চ্যানেলের ওই ভিডিওতে গুজরাটি ভাষায় ধর্মীয় আলোচনা করার সময় তিনি এসব কথা বলছেন। তবে কৃষ্ণস্বরূপ ঠিক কবে কথাগুলো বলেছেন তা জানা যায় নি।
এদিকে স্বামী কৃষ্ণস্বরূপের এই বাণী নিয়ে এমন সময় সমালোচনার ঝড় উঠেছে, যার কিছুদিন আগেই স্বামীনারায়ণ মন্দির পরিচালিত একটি কলেজের হোস্টেলে ছাত্রীদের পিরিয়ড চলছে কি না তা পরীক্ষা করার অভিযোগ ওঠে।
গেল ১১ ফেব্রুয়ারি পরীক্ষার নামে সেখানে ৬০ জনেরও বেশি ছাত্রীকে অন্তর্বাস খুলতে বাধ্য করার ঘটনা ঘটে।
এরপরে ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে গেল সোমবার শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউড নামে কলেজটির অধ্যক্ষ, হোস্টেল রেক্টর এবং এক পিয়নকে পুলিশ গ্রেপ্তার করে। ♦








