২ বছর হলো খালেদা জিয়া কারাগারে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি আজ দুই বছর পূর্ণ হলো। দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি (মসজিদে দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশ) ঘোষণা করেছে বিএনপি। এছাড়া বেগম জিয়ার দ্বিতীয় কারা বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো পোস্টার ও লিফলেট বিতরণ করেছে।
তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্তি সম্ভব নয়। বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে রাজপথে নামতে হবে।
তৃণমূলের নেতাকর্মীদের সাথে বিএনপি নীতি নির্ধারকরাও মানছেন যে, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তারা ব্যর্থ হয়েছেন। এজন্য নতুন রূপে আন্দোলন ও সংগ্রাম করার কথা ভাবছেন তারা।
এ বিষয়টি স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনকে অংশ নিয়েছিলাম। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? সেই আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে বেগম জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করতে পারি। তার জন্য বিভিন্ন সময় আমরা কর্মসূচি দিয়েছি এবং নির্বাচনও করেছি। তবে এর কোনটাই আজ পর্যন্ত কাজে আসে নাই। সুতরাং আগামীর জন্য আমাদেরকে ভাবতে হবে।








