হ্যাপিনেস ক্লাসে মেলানিয়া
হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বৈঠক করছিলেন, তখন দিল্লির একটি সরকারি স্কুল পরিদর্শন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
নানকপুরা সর্বোদয় কো-এড সিনিয়র সেকেন্ডারি স্কুলের খুদে ছাত্রছাত্রীরা তাকে সাদরে বরণ করে নেয়।
ফার্স্ট লেডিকে দেওয়া হয় পুষ্পস্তবক। কচিকাঁচাদের সঙ্গে মিশে যান। যোগ দেন ৪৫ মিনিটের ‘হ্যাপিনেস ক্লাসে।’ মঙ্গলবার মেলানিয়াকে শুভেচ্ছা জানাতে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল দিল্লির মতিবাগের এ স্কুলটি।
কচিকাঁচারা রাজস্থানি ও পাঞ্জাবি লোকনৃত্যের মধ্য দিয়ে স্বাগত জানায় তাকে। অনুষ্ঠান শেষে হ্যাপিনেস ক্লাসে যান মেলানিয়া। সেখানে ছাত্র-শিক্ষক আদানপ্রদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মেলানিয়াকে স্বাগত জানিয়ে এদিন সকালে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘আমাদের ছাত্র-শিক্ষকদের জন্য আজ খুব বড় দিন।
কয়েক শতাব্দী ধরে বিশ্বকে আধ্যাত্মিকতার পাঠ দিয়ে এসেছে ভারত। আমি আনন্দিত তিনি আমাদের স্কুল থেকে সেই পরমানন্দের বার্তা নিয়ে ফিরবেন।’ মেলানিয়াকে আন্তরিক শুভেচ্ছাবার্তা দেন কেজরির সহযোগী মনীশ সিসৌদিয়াও।
তিনি লেখেন, ‘আশা রাখি মেলেনিয়া ভালো সময় কাটাবেন এই হ্যাপিনেস ক্লাসে। মাত্র ১৮ মাস আগে আমরা ‘হ্যাপিনেস ক্লাস’ শুরু করেছিলাম। এই অল্প সময়েই যে ফল আমরা পেয়েছি, তা আশাব্যাঞ্জক। পৃথিবীজুড়ে চলতে থাকা অশান্তির সমাধান এ উদ্যোগ।’
নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভকারী ও সমর্থকদের সংঘর্ষের জেরে মঙ্গলবারও রাজধানী দিল্লির একাংশে পরিস্থিতি ছিল উত্তপ্ত। ১৪৪ ধারা জারি ছিল বেশকিছু এলাকায়। সেই সঙ্গে বন্ধ ছিল স্কুল। তবে এর কোনও প্রভাব এই স্কুলে পড়ে নি।
গোলাপি ও নীল রঙের পোশাক পরা দুই শিশু মেলানিয়ার হাতে তুলে দেয় ফুলের তোড়া। এরপর মেলানিয়া স্কুল ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। হ্যাপিনেস ক্লাসের বিভিন্ন দিক উপভোগ করেন।
২০১৮ সালে সরকারি স্কুলে নার্সারি থেকে অষ্টম শ্রেণিতে দৈনিক ৪৫ মিনিটের হ্যাপিনেস ক্লাস চালু করেন কেজরিওয়াল। উদ্দেশ্য- শিক্ষার্থীদের চাপমুক্তির উপায় শেখানো যায়। ♦








