রাজশাহীর পানিবন্দি মানুষদের পাশে খাদ্য ও ওষুধ সহায়তা নিয়ে শাহ্ ফাউন্ডেশন
এবারে বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী নামে পরিচিত রাজশাহী শহরে খাদ্য ও ওষুধ সহায়তা দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন।
নিউ ইয়র্ক থেকে শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ জে চৌধুরী রূপসী বাংলাকে জানান, সাম্প্রতিককালের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। পদ্মা নদী সংলগ্ন ঘর-বাড়িতে পানি ঢুকে গেছে। সেখানে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ বেড়েছে। এসব মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই শাহ্ ফাউন্ডেশন খাদ্য ও ওষুধ সহায়তা তাদের পাশে দাঁড়াতে চেয়েছে।
গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নগরীর তালাইমারী শহীদ মিনার ও বাজে কাজলার নদীতীর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্য ও ওষুধ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
এই আয়োজনে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, আরটিজেএ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, রাসিকের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। এছাড়াও এসেছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রতিনিধিরা।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পাশাপাশি সভাপতিত্ব করেন বাংলা চ্যানেলের বিভাগীয় প্রতিনিধি মামুন রেজা।









