‘রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনও দেশ বা জাতি উন্নতি করতে পারে না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনও দেশ বা জাতি উন্নতি করতে পারে না। সেটা বাংলাদেশের জন্য একেবারেই সত্য। জাতির পিতা দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন।
বুধবার বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তা করতে পারলেই দেশ এগিয়ে যাবে। আমরা যদি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে ২০২৪ সালে উন্নয়নশীন দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত রাষ্ট্রের কাতারে অবস্থান হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৩ থেকে ৭৮ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলেন তিনি। আমরা ২১ বছর পর সরকার গঠন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও গ্রহণ করি, পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করি। ষষ্ঠ শেষ করে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি। টেকসই উন্নয়নের ক্ষেত্রে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করেই আমরা পরিকল্পনামতো এগিয়ে যাচ্ছি।








