মহারাষ্ট্রে স্কুল-কলেজ বন্ধ, গুজরাটে মহামারি ঘোষণা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের মহারাষ্ট্রে সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনও করোনা আক্রান্ত শনাক্ত না হলেও গুজরাটে মহামারি ঘোষণা করে করোনা মোকাবিলার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, রবিবার ভারতে নতুন মোট ১৯টি করোনা আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৫টি ঘটনা মহারাষ্ট্রে ধরা পড়েছে।
আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র ইতোমধ্যে কেরালাকে ছাপিয়ে গেছে। বাকি চারজনের মধ্যে কেরালায় দুজনের এবং রাজস্থান ও কর্নাটকে একজন করে রোগীর সন্ধান পাওয়া গেছে।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর জেরে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উদ্ধভ ঠাকরে সরকার।
আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। এই রাজ্যে এখন পর্যন্ত মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া উত্তরপ্রদেশে ১২ জন এবং দিল্লি ও কর্নাটকে ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, এখন পর্যন্ত একজন আক্রান্তের সন্ধান না পাওয়া গেলেও রবিবার করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে গুজরাট সরকার। সেইসঙ্গে এই রোগের সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা কয়েকজন কর্মকর্তা হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।♦
ছবি: গুজরাটের চিফ মিনিস্টার বিজয় রূপানি (পিটিআই)








